প্রকাশকদের কনটেন্ট এআইয়ে ব্যবহারের শর্ত নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত
ওয়েবসাইটের কনটেন্ট নিয়ে নিজেদের এআই ফিচারে ব্যবহারের শর্ত চাপিয়ে মেটা প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে কি না, খতিয়ে দেখবে দেশটির প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটের কনটেন্ট নিয়ে নিজেদের পণ্যে, বিশেষ করে এআই ফিচারে ব্যবহারের যে শর্ত মেটা দিতে যাচ্ছিল, তা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ)। শুক্রবার (৩০ অক্টোবর) সংস্থাটি এ ঘোষণা দেয়।
সিএমএ বলছে, এসব শর্তে প্রতিষ্ঠানগুলো নিজের কনটেন্ট কীভাবে বা আদৌ ব্যবহার হবে, তা বেছে নেওয়ার সুযোগ পাবে না। প্রকাশক ও কনটেন্টনির্ভর প্রতিষ্ঠানগুলোকে এমন শর্ত মানতে বাধ্য করা অন্যায্য বাণিজ্যিক শর্ত হতে পারে, যার প্রভাব পড়বে যুক্তরাজ্যের হাজারো প্রতিষ্ঠানে। দেশটির সংবাদমাধ্যম সমিতি নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পক্ষের উদ্বেগের পর এ পদক্ষেপ।
তদন্ত হবে প্রতিযোগিতা আইন ১৯৯৮-এর আওতায়। সিএমএ দেখবে, যুক্তরাজ্যের কোনো বাজারে মেটার প্রভাবশালী অবস্থান আছে কি না এবং থাকলে এই শর্ত তার অপব্যবহার কি না। মেটা আইন ভেঙেছে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শর্ত আপাতত স্থগিত
মেটার শর্তগুলো চালুর কথা ছিল ৩০ অক্টোবর। সিএমএর সঙ্গে আলোচনার পর তা পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। পরে ২৮ অক্টোবর মেটা জানায়, শিল্পসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত শর্ত চালু স্থগিত থাকবে।
সিএমএর প্রধান নির্বাহী সারাহ কারডেল বলেন, "যেখানে কোনো প্রতিষ্ঠানের প্রভাবশালী অবস্থান আছে, সেখানে সে অবস্থান ব্যবহার করে অন্যায্য শর্ত চাপানো চলবে না।"
