শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

এক লাইনেই এআই প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া যাবে ওয়েবসাইট, একমত চার প্রতিষ্ঠান

ওপেনএআই, গুগল, মাইক্রোসফট ও Anthropic জানিয়েছে, robots.txt-এ একটি অভিন্ন সংকেত দিলে তারা সেই সাইটের লেখা এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করবে না।

এক লাইনেই এআই প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া যাবে ওয়েবসাইট

নিজের ওয়েবসাইটের লেখা এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করতে না দিতে চাইলে এখন থেকে আর প্রতিটি এআই প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়ম লিখতে হবে না। শুক্রবার (৩০ অক্টোবর) ওপেনএআই, গুগল, মাইক্রোসফট ও Anthropic জানিয়েছে, ওয়েবসাইটের robots.txt ফাইলে একটি অভিন্ন সংকেত থাকলে তারা সেই সাইটের কনটেন্ট জেনারেটিভ এআই প্রশিক্ষণে কাজে লাগাবে না।

সংকেতটির নাম __usage_ai-training। সাইটের মালিক robots.txt-এ User-Agent: __usage_ai-training লিখে তার নিচে Disallow: / দিলেই পুরো সাইট প্রশিক্ষণের বাইরে থাকবে; চাইলে Allow: দিয়ে কিছু অংশে ছাড়ও দেওয়া যাবে। এখন পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি ক্রলারের জন্য আলাদা লাইন লিখতে হতো।

কবে থেকে কার্যকর

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, Anthropic এরই মধ্যে সংকেতটি মানা শুরু করেছে। ওপেনএআই বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে তারা এটি চালু করবে। মাইক্রোসফটের লক্ষ্য ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি, আর গুগল চালু করবে ২০২৭ সালে। গুগল জানিয়েছে, কোনো সাইট এই সংকেত দিলে তা গুগলের নিজস্ব এআই-প্রশিক্ষণ নিষেধ ("Google-Extended") দেওয়ার সমান ধরা হবে। মেটা ধারণাটির প্রতি সমর্থন জানালেও এটি মানার প্রতিশ্রুতি দেয়নি বলে খবর।

প্রস্তাবটি ইন্টারনেটের মান নির্ধারক সংস্থা আইইটিএফে খসড়া আকারে জমা পড়েছে। তবে ব্যক্তিগত খসড়া হিসেবে এর এখনো আনুষ্ঠানিক মানের মর্যাদা নেই।

সীমাবদ্ধতা

  • সংকেতটি শুধু প্রশিক্ষণ নিয়ন্ত্রণ করে; বট তখনো পাতা পড়তে পারে।
  • এটি কোনো নিরাপত্তা-ব্যবস্থা নয়, নিয়ম না মানা ক্রলার একে উপেক্ষা করতে পারে।
  • আগে থেকে সংগৃহীত তথ্য বা প্রশিক্ষিত মডেল থেকে কিছু মুছে যাবে না।

মাইক্রোসফট আলাদা করে "এআই গ্রাউন্ডিং" নামে আরেকটি নিয়ন্ত্রণ আনছে। এর মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এআই যখন সরাসরি কোনো পাতা পড়ে, সেটিও বন্ধ রাখা যাবে।

তথ্যসূত্র