বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

কিনোট, পেজেস ও নাম্বারসে এআই সহকারী আনছে অ্যাপল, থাকছে ওপেনএআইয়ের মডেল

অ্যাপল ক্রিয়েটর স্টুডিওর হালনাগাদে লজিক প্রো ও অফিস অ্যাপগুলোতে আসছে বেটা এআই সহকারী; বাইরের এআই এজেন্টের জন্য খুলছে এমসিপি সুবিধা।

অ্যাপল তাদের প্রেজেন্টেশন, লেখালেখি ও স্প্রেডশিটের অ্যাপ কিনোট, পেজেস ও নাম্বারসে এআই সহকারী যুক্ত করছে। গান তৈরির সফটওয়্যার লজিক প্রোতেও আসছে আলাদা এআই সহকারী। মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাপল ক্রিয়েটর স্টুডিওর হালনাগাদ ঘোষণার সময় প্রতিষ্ঠানটি জানায়, সহকারীগুলো তৈরি হয়েছে অ্যাপলের নিজস্ব মডেল ও ওপেনএআইয়ের মডেল মিলিয়ে।

কী করবে সহকারী

  • কিনোট: স্লাইড নকশা, অ্যানিমেশন ও পরিমার্জন
  • পেজেস: লেখার খসড়া, কাঠামো বদল ও সম্পাদনা
  • নাম্বারস: হিসাব, তথ্য সাজানো, উপযুক্ত চার্টের পরামর্শ
  • লজিক প্রো: এক নির্দেশেই নতুন গান শুরু বা ভোকাল ট্র্যাক সাজানো

সবগুলোই আপাতত বেটা সংস্করণ এবং শুধু যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষায় চলবে। লাগবে অ্যাপল ইন্টেলিজেন্স-সমর্থিত ডিভাইস এবং আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ বা ম্যাকওএস ২৭।

এজেন্টের জন্য এমসিপি

কিনোট, পেজেস ও নাম্বারসে যুক্ত হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি)। এর মাধ্যমে বাইরের এআই এজেন্ট ও টুল এসব ফাইলের লেখা পড়তে, সম্পাদনা করতে ও স্বয়ংক্রিয় কাজ চালাতে পারবে। এটি চলবে ম্যাকওএস ২৭-এ, এটিও বেটা। কিনোট ফাইলের জন্য জেসন-ভিত্তিক একটি উন্মুক্ত ফরম্যাটও (.keyx) আনছে অ্যাপল।

ক্রিয়েটর স্টুডিওর সাবস্ক্রিপশন মাসে ১২.৯৯ ডলার বা বছরে ১২৯ ডলার; শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মাসে ২.৯৯ ডলার। কিনোট, পেজেস ও নাম্বারস আগের মতোই বিনা মূল্যে থাকবে, তবে অ্যাপলের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এআই সহকারী ক্রিয়েটর স্টুডিওর হালনাগাদের অংশ। হালনাগাদ আসবে নভেম্বরে।

তথ্যসূত্র