পাচারের পথে মালয়েশিয়ায় ১ কোটি ২০ লাখ ডলারের এআই চিপ জব্দ
৩০টি সার্ভারে লুকানো উচ্চক্ষমতার এআই চিপ 'ইলেকট্রনিক যন্ত্রাংশ' বলে ঘোষণা দেওয়া হয়েছিল। চলতি বছরে একই চক্রের এটি পঞ্চম চালান।
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) প্রায় ৪ কোটি ৯৫ লাখ রিঙ্গিত (প্রায় ১ কোটি ২১ লাখ মার্কিন ডলার) মূল্যের উচ্চক্ষমতার এআই চিপ জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ। চিপগুলো ছিল ৩০টি সার্ভারের ভেতরে।
কেএলআইএ শুল্ক বিভাগ জানিয়েছে, ১৫ অক্টোবর বিমানবন্দরের মুক্ত বাণিজ্য অঞ্চলের একটি গুদামে তল্লাশির সময় চালানটি ধরা পড়ে। ধরা না পড়ার জন্য একটি এয়ারওয়েবিলে সার্ভারগুলোকে "ইলেকট্রনিক যন্ত্রাংশ" বলে ঘোষণা দেওয়া হয়েছিল। বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি জানানো হয় বলে খবর।
ট্রানজিট হিসেবে মালয়েশিয়া
কর্মকর্তাদের ভাষ্য, চালানটি এশিয়ার একটি দেশ থেকে এসে আরেকটি এশীয় দেশে পুনরায় রপ্তানির কথা ছিল। রপ্তানি বিধিনিষেধ এড়াতে চক্রটি মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিল। তদন্ত চলায় চিপের ব্র্যান্ড, উৎস দেশ ও গন্তব্য জানানো হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
চলতি বছর একই চক্রের সঙ্গে যুক্ত এটি পঞ্চম জব্দের ঘটনা; পাঁচ চালান মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ১০ কোটি রিঙ্গিত ছাড়িয়েছে।
দ্বৈত ব্যবহারের পণ্য
মালয়েশিয়ায় এসব চিপকে সামরিক কাজেও ব্যবহারযোগ্য "দ্বৈত ব্যবহারের পণ্য" হিসেবে ধরা হয়। নির্দিষ্ট ক্ষমতার বেশি এআই চিপ আনতে দেশে ঢোকার ৩০ দিন আগে অনুমতি নিতে হয়। কৌশলগত বাণিজ্য আইনে প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ২ কোটি রিঙ্গিত জরিমানা, আর ব্যক্তির জন্য ১ কোটি রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে।
