শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

এআইয়ের তথ্য সংগ্রহ ঠেকাতে লগইন ছাড়া রেডিট দেখা বন্ধের পথে

অ্যাকাউন্ট ছাড়া রেডিটের বেশির ভাগ কনটেন্ট দেখা যাবে না; চলতি প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাইরের কয়েকটি দেশে পরীক্ষা শুরু করবে প্রতিষ্ঠানটি।

লগইন না করে রেডিটে ঘুরে বেড়ানোর দিন শেষ হতে চলেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান শেয়ারধারীদের কাছে পাঠানো চিঠি ও রেডিটে নিজের পোস্টে জানিয়েছেন, রেডিট ধীরে ধীরে 'শুধু লগইন করা ব্যবহারকারীদের' সাইট হবে। চলতি প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাইরের কয়েকটি বাজারে এটি পুরোপুরি পরীক্ষা শুরু হবে। সেই ফল দেখে বিশ্বজুড়ে চালু করার সিদ্ধান্ত হবে।

কেন এই সিদ্ধান্ত

হাফম্যানের ভাষ্য, রেডিটের তথ্য অননুমোদিতভাবে সংগ্রহের বেশির ভাগই হয় লগইন ছাড়া দেখার সুযোগ কাজে লাগিয়ে। এআই মডেল প্রশিক্ষণের জন্য ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য তুলে নেওয়ার প্রবণতা এখন বড় মাথাব্যথা। এর বাইরে ব্যবহারকারীকে আরও প্রাসঙ্গিক কনটেন্ট দেখানো, বিজ্ঞাপনের জন্য বেশি তথ্য পাওয়া এবং বিভিন্ন দেশের নতুন বিধিবিধানের সঙ্গে খাপ খাওয়ানোর কথাও বলেছে রেডিট।

তৃতীয় প্রান্তিকে সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটর উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে রেডিট, যা মূলত লগইন না করা ব্যবহারকারীদের মধ্যে। প্রতিষ্ঠানটির হিসাবে, সপ্তাহে গড়ে ১০ লাখের বেশি রেফারেল কমেছে।

কী থাকবে খোলা

লগইন ছাড়া কী দেখা যাবে, তা এখনো পুরো স্পষ্ট নয়। হাফম্যান বলেছেন, লগইন ছাড়া প্রথম পাতা গুরুত্বপূর্ণ, আর সার্চ বা অন্য কোনো লিংক থেকে আসা ব্যক্তি যেন সংশ্লিষ্ট কনটেন্ট দেখতে পান, সে ব্যবস্থা থাকা উচিত। রেডিটের অ্যাপে ইনকগনিটো মোডও নতুন করে চালু হচ্ছে।

তথ্যসূত্র