নিজের কাপড় থেকেই পোশাক সাজিয়ে দেবে মেটার এআই অ্যাপ স্টাইল স্কেচ
ইনস্টাগ্রামের ছবি থেকে ভার্চুয়াল আলমারি বানিয়ে পোশাকের পরামর্শ, ভার্চুয়ালি পরে দেখা ও ভ্রমণের পোশাক-পরিকল্পনা দেবে অ্যাপটি; আপাতত মিলছে তিন দেশে।

কোন জামার সঙ্গে কোন প্যান্ট মানাবে, সে পরামর্শ দিতে নতুন এআই অ্যাপ এনেছে মেটা। নাম 'স্টাইল স্কেচ'। কোনো ঘোষণা ছাড়াই অ্যাপটি চালু করেছে প্রতিষ্ঠানটি। আপাতত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে আইফোন ও অ্যান্ড্রয়েডে এটি পাওয়া যাচ্ছে। অন্য দেশে কবে আসবে, তা মেটা জানায়নি।
যা করা যাবে
- ভার্চুয়াল আলমারি: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করলে আগে পোস্ট করা ছবি থেকে ব্যবহারকারীর পোশাকের তালিকা তৈরি হবে। চাইলে ছবি তুলে, ছোট ভিডিও করে বা গ্যালারি থেকে নিজেও পোশাক যোগ করা যাবে।
- পোশাকের পরামর্শ: আলমারি তৈরি হলে ব্যক্তিগত রুচি অনুযায়ী পোশাকের সেট সাজিয়ে দেবে অ্যাপ।
- ভার্চুয়ালি পরে দেখা: অ্যাপের বিবরণ অনুযায়ী, ব্যবহারকারীর শরীরের গড়ন ও গায়ের রঙের সঙ্গে মিল রেখে একটি মডেলের গায়ে পোশাক পরিয়ে দেখা যাবে।
- ভ্রমণ পরিকল্পনা: গন্তব্য, কত দিনের সফর ও কী কী করবেন জানালে আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে দিনভিত্তিক পোশাকের তালিকা দেবে।
কিছু প্রশ্ন
ইনস্টাগ্রামের ছবি থেকে অ্যাপটি কতটা নির্ভুলভাবে পোশাক চিনতে পারে, আর ভার্চুয়াল মডেল বাস্তব চেহারার কতটা কাছাকাছি, তা এখনো স্পষ্ট নয়। অ্যাপটি ব্যক্তিগত ছবি ও শরীরের তথ্য কীভাবে ব্যবহার করে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ডিজিটাল আলমারি ও পোশাকের পরামর্শ দেওয়ার এমন সেবা গুগল ফটোসসহ আরও কিছু প্রতিষ্ঠানের আছে।
