চীনের গিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত পড়ে ছিল ২৬ হাজারের বেশি সক্রিয় ক্লাউড ও এআই চাবি
৭২ লাখের বেশি পাবলিক রিপোজিটরি ঘেঁটে এক নিরাপত্তা গবেষক ২৬ হাজার ৪০০টি সচল পাসওয়ার্ড ও এপিআই চাবি পেয়েছেন; এর মধ্যে ডিপসিকের ৩ হাজারের বেশি।

চীনের সবচেয়ে বড় কোড-সংরক্ষণ প্ল্যাটফর্ম গিটির (Gitee) পাবলিক রিপোজিটরিতে ২৬ হাজার ৪০০টি সচল ক্লাউড ও এআই সেবার চাবি (ক্রেডেনশিয়াল) উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। স্বাধীন নিরাপত্তা গবেষক বেন জিমারম্যান মঙ্গোডিবির একটি দলের সঙ্গে মিলে ৭২ লাখ ৫৬ হাজারের বেশি রিপোজিটরি পরীক্ষা করে এ তথ্য পেয়েছেন। ২৮ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ হয়।
গবেষক শুধু সেই চাবিগুলোই গুনেছেন, যেগুলো দিয়ে সংশ্লিষ্ট সেবায় আসলেই ঢোকা যাচ্ছিল। অর্থাৎ এগুলো পুরোনো বা বাতিল চাবি নয়, ব্যবহারযোগ্য।
কোন সেবার কত চাবি
- আলিবাবা ক্লাউড: ৯ হাজার ৪৭৩টি
- ইউটিউব এপিআই: ৩ হাজার ৮০৫টি
- ডিপসিক: ৩ হাজার ১৭০টি
- ঝিপু এআই: ১ হাজার ৪৮৯টি
- ওপেনএআই, হাগিং ফেস, ওপেনরাউটার, স্ট্রাইপ, স্ল্যাকসহ আরও অনেক সেবার চাবিও পাওয়া গেছে।
পাওয়া চাবির প্রায় অর্ধেক (১২ হাজার ২৪২টি) শুধু ২০২৫ সালে কোডে যুক্ত হয়েছে। প্রতি হাজার রিপোজিটরিতে গিটিতে উন্মুক্ত চাবির হার গিটল্যাব ও বিটবাকেটের চেয়ে বেশি পাওয়া গেছে।
কেন গুরুত্বপূর্ণ
এআই সেবার চাবি হাতে পেলে অন্য কেউ মালিকের খরচে মডেল ব্যবহার করতে পারে, তথ্য হাতাতে পারে বা ক্ষতিকর কাজে লাগাতে পারে। এআই এজেন্ট দিয়ে এখন এমন চাবি খুঁজে বের করা আরও সহজ হয়েছে।
গবেষক জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের চাবি সবচেয়ে বেশি উন্মুক্ত ছিল, তাদের তিনি ইমেইলে বিস্তারিত জানিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত চাবিগুলো বাতিল হয়েছে কি না, তা নিশ্চিত হয়নি। তাঁর পর্যবেক্ষণ, পশ্চিমা অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তা-ত্রুটি জানানোর নির্দিষ্ট ব্যবস্থা থাকলেও চীনের অনেক প্রতিষ্ঠানের তা নেই।
